
ধামইরহাটে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত
মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রাণবন্ত গম্ভীরা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আড়ানগর ইউনিয়নের আলহাজ্ব জাহাঙ্গীর আলম মেমোরিয়াল মহাবিদ্যালয় মাঠে এ সচেতনতামূলক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র বাস্তবায়নে ‘GO4IMPact’ প্রকল্পের উদ্যোগে এটি আয়োজিত হয়।আড়ানগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইকবাল হোসেন গম্ভীরা নাটিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী এবং কো-অর্ডিনেটর (টেকনিক্যাল সার্ভিস) মোঃ সাইফুল ইসলাম।চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত ‘প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট’-এর শিল্পীরা লোকজ সুর ও কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করেন। লোকনাট্যের ছলে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের তাগিদ দেওয়া হয়,উপসংহারে আয়োজকরা জানান, এ ধরনের বিনোদনমূলক ও সৃজনশীল আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাবে এবং বর্জ্য ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। আয়োজনটি উপভোগ করতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।