
ধামইরহাটে বিধি ভেঙে বহুতল ভবন নির্মাণ সাধারণের দুর্ভোগ নিরসনে মাঠে প্রশাসন
মোঃ হাবিবুর রহমান।
নওগাঁ জেলা।
একটি অবৈধ স্থাপনা কীভাবে পুরো একটি এলাকার স্বাচ্ছন্দ্য ও স্বাভাবিক জীবনযাত্রাকে অবরুদ্ধ করে তুলতে পারে, তার বাস্তব চিত্র নওগাঁর ধামইরহাট। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর চকযদু এলাকায় নকশা অমান্য করে এবং রাস্তার জায়গা না ছেড়ে বহুতল ভবন তোলায় পথ হারিয়ে একরকম বন্দিজীবন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর আবেদনের ভিত্তিতে পৌরসভা থেকে একাধিকবার কাজ বন্ধের নির্দেশ ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া সত্ত্বেও তা তোয়াক্কা করেননি অভিযুক্ত মজিবর রহমান। সরকারি নিয়মনীতিকে সম্পূর্ণ উপেক্ষা করেই তিনি চালিয়ে যান ভবন নির্মাণের কাজ।
ভোগান্তি চরমে পৌঁছালে ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে আসে উপজেলা প্রশাসন। ঘটনার সত্যতা ও ভয়াবহতা যাচাইয়ে গত ৫ অক্টোবর বিকেলে সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী তহমিনা শারমিন এবং পৌর সহকারী প্রকৌশলী সজল কুমার মন্ডল
পরিদর্শনকালে প্রশাসনিক কর্মকর্তারা ভবনের নকশা বহির্ভূত অংশ চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দেন। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত মজিবর রহমান কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।