ধামইরহাটে পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক
মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের এক সফল ও সাহসিক অভিযানে ২০ পিস সর্বনাশা নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ তরিকুল হোসেন (২৯) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত তরিকুল আড়ানগর ইউনিয়নের ফতেপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে,পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধামইরহাট থানা এলাকাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করা এবং অপরাধ দমন করার লক্ষ্যে ধামইরহাট থানার সুযোগ্য অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক দিকনির্দেশনায় নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ১৩ই সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ফতেপুর এলাকায় তরিকুল তার নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছে।সংবাদটি পাওয়ার সাথে সাথেই এসআই (নিঃ) মোঃ আল আমিন ও এএসআই (নিঃ) মোঃ শাহ আলমের নেতৃত্বে সঙ্গীয় কনস্টেবল মোঃ খায়রুল ইসলাম এবং কনস্টেবল গোবিন্দ সহ ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ চৌকস ও চটপটে দল তৎক্ষণাৎ অভিযানে নামে। রাতে পুলিশ দলটি কৌশলগতভাবে তরিকুলের বাড়ি ঘিরে ফেলে এবং তার নিজ বসতঘরে তল্লাশি চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় হাতেনাতে আটক হয় তরিকুল। পরবর্তীতে তার দেহ ও বসতঘর তল্লাশি চালিয়ে পকেটে ও ঘরে থাকা অবৈধ ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সমাজ থেকে মাদক ও মাদক ব্যবসায়ীদের উৎখাত করতে পুলিশের এ ধরনের কঠোর ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।