সাফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: তদন্তের দাবি অভিভাবক ও এলাকাবাসীর
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার নিমতলী এলাকায় রবিবার দুপুরে এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন ও প্রধান শিক্ষক আব্দুর রহমানের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আবির হাসান মিলন, সাঈদ মোজাফফর হোসেন বাবুসহ বিদ্যালয়ের ভুক্তভোগী অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ অনুযায়ী, সরকারি নীতিমালা উপেক্ষা করে এবং অভিভাবকদের অগোচরে গোপনে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সাধারণত এডহক কমিটির মেয়াদ ৬-৯ মাস হওয়ার কথা থাকলেও, এই কমিটি দুই বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া প্রধান শিক্ষক আব্দুর রহমানের বিরুদ্ধে স্কুলের তহবিল তছরুপ, ভর্তি ও অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ আদায় এবং নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজনৈতিক ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ আনা হয়েছে।বক্তারা জানান, অবৈধ এই কমিটির কার্যক্রমের ফলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক ও অবৈধ কমিটির যোগসাজশে প্রতিষ্ঠানের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় বর্তমানে শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়াও বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায়, অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী।